July 24, 2008

মুহাম্মদ হাসান ইমাম

পতাকা পরিবেষ্টিত নগ্নতায় ছিল

শুধু সেই কটি মাস আমাদের কোন ব্যক্তিগত সাধ-আহলাদ ছিল না
সুদূরপ্রসারী প্রত্যাশা ছিল না
ফ্যাশান ক্রেজ কিংবা স্টাইল ছিল না
শুধু একসাথে বাঁচা অথবা মরার কথা ছিল;
বাস্তবের গা-ঘেঁষে বসতে পারতাম আমরা
কল্পনার অহেতুক বাড়াবাড়ি ছিল না
বিদ্বেষ অথবা ক্ষোভ ছিল না
যদিনা কেউ সম্মিলিত আকাক্সক্ষার
পথরোধ করে বসতো।

কি নরম ঘাস আর কাদা-জলে বিস্তারিত বর্ষাকাল
নিজের সাহস দেখে নিজেই অবাক চেয়ে থাকা
কখনোবা একগলা জলে
কখনোবা একা একা রাতের কবরে;
তখন কোন ভয় ছিল না কারো জন্য
কারণ বিভীষিকার বিরুদ্ধে লড়ছিল সবাই
তখন এতো বিচিত্র রোগ-ব্যথ্যা-উপশম ছিল না
মাটির আদরে সেরে উঠতো সকলে
শিশুরা ভূমিষ্ঠ হতো ভূমির উপরে ধাত্রীহীন
মৃতেরা ভেসে যেত জলের সোহাগে।

অস্ত্রের ব্যবহার কি দ্রুত ইতিহাস-স্বীকৃত বৈধতা পেয়েছিল
আক্রান্ত হবার আশংকা আত্মরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল
যৌথ সচেতনতার আদালত স্থগিত করেছিল বিচারের দীর্ঘসূত্রতা
তখন রাজনীতি ছিল না, কারণ অস্তিত্বের জন্য
নেতাকেও হত্যা করা যেতো ডাকাতের সাথে;
মতবাদকে জীবন্তদগ্ধ করা যেতো জীবনবাদের জন্য,
আমরা মোটামুটি একমত ছিলাম
আমাদের বেড়ে ওঠার ইতিহাস ও
সম্ভাব্য ভবিষত্যের প্রশ্নে।

প্রতিটি ঘরেই আতিথ্য ছিল বলে দুর্ভিক্ষ ছুঁতে পারেনি
অগণিত হাত অগণিত মানুষের জন্য দিয়েছে
গরম ভাত মুড়ি-মুড়কি বাতাসা ও পানি;
মা বোন ও প্রেমিকারা আবেগময় ছিল
একান্ত যুদ্ধের জন্য মায়ের স্নেহ
বোনের অপলক দৃষ্টি প্রেমিকার অন্ধত্ব প্রয়োজনীয় ছিল।

সারা সময় উলঙ্গ থেকেছে বলে কাপুরুষতা ছুঁতে পারেনি,
যোদ্ধারা জঙ্গলে রেখেছে বস্ত্রহীন শরীর
মাছের মতো ডুবে গেছে গ্রেনেড মুখে;
নিজের শরীর দিয়ে বাঁচিয়েছে সহযোদ্ধার শরীর
পুত্রহীন মায়ের কোলে আছড়ে পড়েছে একাধিক খোকা
বোনেরা পেয়েছে ভাইয়ের শার্ট-পরা অন্যকোন ভাই
ভাইয়েরা জেনেছে বোনেদের যুদ্ধ কতটা রক্তক্ষয়ী
পিতার শীর্ণ বুক ফুলে ওঠে পুত্রহীনতার গর্বে।

আসলে তখন কথা ও কাজে তেমন আবরণ ছিল না
সবাই স্বল্পবাক ছিল বাক্যহীন উৎকর্ণ ছিল
অনুপ্রবেশকারীদের দিকে-
মূলত অস্ত্র ছাড়া আর কোন ভাষা ছিল না।

শত্র“ ছাড়া আর কোন উৎকণ্ঠা ছিল না
শত্র“দের দূরত্ব সুনির্ধারিত ছিল
ওদের সহযোগীরাও শনাক্ত ছিল
লক্ষভেদী যোদ্ধাদের কাছে;
চরিত্রবান সংবাদপত্রের মতো প্রত্যেকের জানা ছিল
দিন তারিখ সময় ও ঘটনার মূলস্রোত।

ইতিহাসের ঐ সময়টি সত্যই আগাছামুক্ত ছিল
বিভ্রান্তিকর নেতৃত্ব ছিল না
সবাই বাস্তবায়নের লক্ষে স্বপ্নময় ছিল
পতাকা পরিবেষ্টিত নগ্নতায় ছিল।

1 comments:

অগ্নি said...

বা! কবির অনুভূতির প্রখরতার প্রশংসা করছি।

Post a Comment