কতদূর
নীলকণ্ঠ সারাদেশ বোমার আঘাতে,
বিষাক্ত ধোঁয়ায় তার আকাশ ও ভূমণ্ডল ভারী হয়ে যায়,
দগ্ধ মাটি জ্বলে-পুড়ে তামাটে ধূসর,
ধর্মের নামে এই রক্ত গঙ্গা মৃতের ভেলায়।
কারো ঠ্যাং উড়ে গেছে....কারো মাথা দেহচ্যূত
নির্বিকার পড়ে আছে পথের ধূলিতে,
ঝলসানো কটু গন্ধ চামড়া থেকে নি:শ্বাস বন্ধ হয়ে আসে,
ঠিকরে বেরিয়ে থাকা চোখের মণিতে
কাদের বেহেস্ত কেনা সাঙ্গ হল এই সর্বনাসে!
প্রলয়-যজ্ঞে তারা বাটখারা দিয়ে মাপে আল্লার নাম,
তারই সাথে জমা হয় কত ভণ্ড বাক্য রাশি,
ভয়াল ত্রাসের এই কূট সন্ধ্যায়,
অন্তিম দৃষ্টি দিয়ে শুধু আমি চেয়ে দেখি
সুন্দরীর হাসি।
মানবতা ব্যর্থ হয়-ব্যর্থ হয় মানুষের সুশীল বিবেক,
সন্ত্রাসের জনপদে প্রাণের আকুতি
গুমরি গুমরি কাঁদে,
বোবা মুখে ফোটে না তো ভাষা,
আর কতদূর?....কতদূর শান্তির উপত্যকা...
বর্তনের দ্যুতি?
July 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment