আশ্চর্য
স্তব্ধ রাত্রি কেঁপে ওঠে ধর্ষিতার চিৎকারে।
খুন খারাবির শোকে ঝাঁঝরা হচ্ছে রাজপথ
জল শুকিয়ে যাচ্ছে জলবতীর চোখে
নালা গড়িয়ে রক্তের নহর, ব্লাড ব্যাংক শূন্য।
কেঁপে কেঁপে উঠছে স্তব্ধ রাত্রি ধর্ষিতার চিৎকারে।
আশ্চর্য! এসব দেখে এখনও সূর্য উঠে, সূর্য ডোবে।
কবি
জানো তো কবি দেখা খুব সহজ কাজ নয়।
কবি হচ্ছে খুব সাদা চোখে জল পাত্রে হেমলক,
ক্রমাগত জীবনে জীবন ঘষা স্ফটিকের আলোক,
চুম্বনে চুম্বনে কালো করে তোলা এক খণ্ড হিরক।
তাহলেই বোঝা যাচ্ছে
কবি দেখা সে নিশ্চয় সোজা কাজ নয়।
কবি দেখতে হলে জীবন পোড়াও স্বেচ্ছা যন্ত্রণায়।
সংলাপ
- কেমন?
- চলছে একরকম!
- আপনার?
- এই তো আছি একরকম!
- ঠিক বলেছেন। দুরকম করে তো আর
থাকা যায় না।
তাই থাকতে হয় একরকম।
কয়েকটি মুহূর্ত উদ্বেগে টান টান
দুজনার পথ পারাপারের কথোপকথন।
নিরাপদ দূরত্বে গিয়ে -
ব্যাটা চশমখোর
ফাইল চেপে পয়সা ইনকাম
বলে কিনা চলছে কোনরকম।
শালা ঘুষখোর বলে কিনা আছি একরকম।।
July 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment