অসমাপ্ত কবিতাংশ
১. হয়তো ফুল ফুটবেনা আকালে
মুখ মুছে আসবে সকাল
আলোর নদী ছুটবে কোথায় অজান্তে
২. সন্ধামণি নয়তো ঐ পারুল লতা
বুকের ঢাকনা খুলে দিলে
ভিড় জমাবে চারপাশে
ঐ সবুজ মাঠের পারে
এ সব দেখেও স্বপ্ন কাঁদে
স্বপ্ন ভোগে জ্বরে
৩. একটুখানি ঘর, একটুখানি ভালবাসা
অমন করে মাপতে গিয়ে
উদোম শরীর ক’রনা ব্যবচ্ছেদ
৪. সন্ধা হাওয়ায় মন ফুরফুর
নিবিড় স্নানে যতই চাটো ঠোঁটে
বুকের পকেট খুলে দ্যাখো নেই
প্রেম নেই প্রেম নেই প্রেম নেই
কবর চাপা শূন্যতায়
৫. কার আঙিনায় শুয়ে থাকে ভালবাসা
যখন হিজল ডালে কৃষ্ণ বাঁশি বাজায়
বনপলাশের শরীর বেয়ে নামে অন্ধকার স্রোত
পিছন ফিরে ডাকতে গেলে নিতম্ব নাচে
অহংকারে, ঝুমুর পায়ে কে লুকায়
রাতের স্নান ঘরে
কার আঙিনায় ভালবাসা
শুয়ে থাকে অভিমানে
৬. সময় হ’লেই একবার খোঁজ নিও
যদি যাও আমার বাড়ির পাশ দিয়ে
অনেক দিন ফুল ফোটে না বাগানে
হাওয়ায় ছড়ায় না ফুলের গন্ধ
হিম-শীতলতায় বসে আছি একা
একদিন তো দেখা করে যেতে
ভোরের আলো ফুটতে অথবা
আকাশে সন্ধাতারা দেখা দিলে
সময় হ’লেই একবার খোঁজ নিও
বড় একা আছি......


0 comments:
Post a Comment